Media School

Dhaka    Saturday, 03 October 2026

By সজীব সরকার

`মাধ্যমই বার্তা` (The medium is the message)

Media School September 20, 2026

যোগাযোগশাস্ত্রে (Communication Studies) মাধ্যম (Medium) এবং বার্তা (Message) হলো যোগাযোগ প্রক্রিয়ার (Communication Process) দুটি মৌলিক ও অপরিহার্য উপাদান। বার্তা হলো কোনো তথ্য, ধারণা, অনুভূতি বা বক্তব্য যা প্রেরক (Sender) তার প্রাপকের (Receiver) কাছে পৌঁছাতে চান। বার্তা এখানে যোগাযোগের কনটেন্ট (Content)। যেমন : শব্দ (মৌখিক বা লিখিত), সংকেত, অঙ্গভঙ্গি, ছবি বা চিহ্ন। সহজ কথায়, বার্তা হলো কোনো তথ্য বা বক্তব্য যা আমরা একজন অন্যজনের সঙ্গে আদান-প্রদান করি। আর, এ বার্তা আদান-প্রদান বা বিনিময়ের জন্য দরকার হয় একটি মাধ্যম (যেমন : মুখোমুখি কথোপকথন, চিঠি, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, টেলিফোন, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি)।

অর্থাৎ, বার্তা ও মাধ্যম একেবারেই আলাদা দুটি বিষয়।

কিন্তু, যোগাযোগ তাত্ত্বিক মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) ১৯৬৪ সালে তার Understanding Media: The Extensions of Man গ্রন্থে 'মাধ্যমই বার্তা' (the medium is the message) ধারণাটি উপস্থাপন করেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, আমরা যে মাধ্যম বা প্রযুক্তি ব্যবহার করে কোনো তথ্য বা বার্তা মানুষের কাছে পৌঁছে দিই, সেই মাধ্যমটি নিজেই বড় একটি 'বার্তা' (অর্থাৎ, বার্তার অর্থে প্রভাব ফেলে)।

বিষয়টি আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করা যাক।

ধরা যাক, আপনি আপনার পছন্দের কোনো বন্ধুকে তার প্রতি ভালোলাগার কথা জানাবেন। কথাটি আপনি তাকে ফোনে কল করে বা টেক্সট মেসেজ দিয়ে অথবা হাতে চিঠি লিখে জানালেন। এখানে আপনার বার্তা এক বা অভিন্ন থাকলেও আপনার বন্ধুর মধ্যে এর প্রতিক্রিয়া সবগুলো মাধ্যমের ক্ষেত্রে এক বা অভিন্ন হবে না। আবার, কথাগুলো আপনি সামনাসামনি দেখা করে যদি জানান, তাহলেও এর প্রভাব ও গুরুত্ব ভিন্ন হবে।

ভিন্ন একটি উদাহরণ দিয়ে আরেকটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করা যাক।

আপনি পত্রিকার পাতা উল্টে দুর্ঘটনার একটি খবর পড়ছেন। এটি আপনার মধ্যে যে প্রভাব ফেলবে, এর চেয়ে বেশি প্রভাব ফেলবে ওই খবরটি যদি আপনি টিভির পর্দায় দেখেন। কারণ, পত্রিকায় শুধু টেক্সট পড়ার বা একটি ছবি দেখার যে প্রতিক্রিয়া, টিভির পর্দায় ওই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক দৃশ্য ও বক্তব্য আপনার মধ্যে আরো গভীর প্রতিক্রিয়া তৈরি করবে।

একইভাবে, বইয়ের পাতা উল্টে একটি গল্প বা উপন্যাস পড়ার অভিজ্ঞতা আর একই গল্পের ওপর নির্মিত সিনেমা দেখার প্রভাব ভিন্ন হয়।

অর্থাৎ, কী বার্তা দেওয়া হচ্ছে - এর চেয়ে অনেক সময় কোন মাধ্যম ব্যবহার করে বার্তাটি দেওয়া হচ্ছে, সেটিই বরং বড় হয়ে ওঠে। এ প্রেক্ষাপটেই বলা হয়েছে : 'মাধ্যমই বার্তা'।