By সজীব সরকার
কবিতা আবৃত্তি বিচারের নিয়ম
Media School October 12, 2026
প্রতীকী ছবি।
কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় বিচারক হিসেবে মূলত উচ্চারণের শুদ্ধতা ও স্পষ্টতা, ভাব ও আবেগ প্রকাশ এবং স্বর প্রক্ষেপণের বৈচিত্র্যের (Vocalics) মাধ্যমে সার্বিক ভাবাবেশ তৈরির সক্ষমতার মতো কয়েকটি পয়েন্টের ওপর নম্বর দিতে হয়।
কবিতা আবৃত্তির মূল বিচার্য বিষয়গুলো এখানে সংক্ষেপে তুলে ধরা হলো:
উচ্চারণ ও স্পষ্টতা: শব্দের সঠিক উচ্চারণ, (প্রমিত) বাচনভঙ্গি এবং প্রতিটি বর্ণ ও পদের স্পষ্টতা।
স্বর ওঠা-নামা (Voice Modulation): কবিতার ভাব অনুযায়ী গলার স্বরের উচ্চতা নিয়ন্ত্রণ এবং লয়, ছন্দ ও গতি ঠিক রয়েছে কি না।
ভাব ও আবেগ (Expression and Emotion): কবিতার মূল অর্থ বা অন্তর্নিহিত ভাব সঠিকভাবে উপলব্ধি করে প্রাসঙ্গিক আবেগ কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলা গেল কি না।
মুখস্থকরণ ও নির্ভুলতা: কোথাও আটকে যাওয়া, বাক্য ভুলে যাওয়া বা কোনো লাইন বাদ পড়া ছাড়াই সম্পূর্ণ কবিতাটি নির্ভুলভাবে আবৃত্তি করতে পারা গেল কি না।
মঞ্চে উপস্থিতি ও আত্মবিশ্বাস (Stage Presence with Confidence): যেখানে (সাধারণত কোনো মঞ্চে) দাড়িয়ে কবিতা পাঠ করা হচ্ছে, সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে পুরোটা সময় থাকতে পারা। শারীরিক ভঙ্গি বা স্বরের মধ্যে আত্মবিশ্বাসের স্পষ্ট ছাপ থাকতে হবে। তাকানো বা চাহনির (Eye-contact) ক্ষেত্রেও সাবলীল ও যৌক্তিক রীতি মেনে চলতে হবে। দেখতে হবে, এসব বিষয় কতোটা নিশ্চিত করা গেছে।
সামগ্রিক প্রভাব (Overall Impact): সব মিলিয়ে শ্রোতার মনে আবৃত্তির কতখানি গভীর রেখাপাত হলো, সেটিও গুরুত্বপূর্ণ।
বিচার্য এসব পয়েন্টের ক্ষেত্রে প্রেক্ষাপট অনুযায়ী ভিন্নতা থাকতে পারে।
বিষয়গুলো আবৃত্তির একজন বিচারক হিসেবে যেমন জানা দরকার, তেমনি আবৃত্তি যিনি করবেন, তারও জানা থাকতে হবে। কারণ, নবীন একজন আবৃত্তিকার যদি জানেন যে তাকে ঠিক কোন কোন শর্তের ভিত্তিতে মূল্যায়ন করা হবে, তাহলে তিনি সচেতনভাবে ওই বিষয়গুলোর ব্যাপারে যত্নশীল হয়ে নিজের সার্বিক পারফরম্যান্স উন্নত করতে পারবেন।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অহরহই আবৃত্তি প্রতিযোগিতা হয়। সেখানে যে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করেন, তাদের অনেকেরই আবৃত্তির নিয়ম-কানুন জানা থাকে না বা এ বিষয়ে কোনো প্রশিক্ষণ থাকে না। আবার, এসব প্রতিযোগিতায় সবসময় পেশাদার বা অভিজ্ঞ আবৃত্তিকারকে বিচারক হিসেবে আনা সম্ভব হয় না; অনেক সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষকরাই বিচারকের দায়িত্ব পালন করে থাকেন।
উপর্যুক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে নবীন আবৃত্তিকার এবং বিচারক - উভয় পক্ষই উপকৃত হতে পারেন।

